
ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন রায়ান স্টুয়ার্ট।
সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরুতে গোছানো ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণের চাপ বাড়ায় সিঙ্গাপুর।
৩৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। তবে দুর্দান্ত ব্লকে শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এর দুই মিনিট পর ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে জড়ান রায়ান স্টুয়ার্ট। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর।
দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থেকে একের পর এক আক্রমণ চালায় সিঙ্গাপুর। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনের বদলে মিনহাজুল করিমকে মাঠে নামায় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে অভিষেক হয় মিনহাজুলের।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় স্টুয়ার্টের একমাত্র গোলেই জয় পায় সিঙ্গাপুর। এই হারের ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়েছে।
আগামী ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।